বিশ্বকাপে গ্যালারিতে পানির বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ করল ফিফা
ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে দর্শকদের জন্য স্টেডিয়াম আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন গ্যালারিতে কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।
অথচ মে মাস পর্যন্তও দর্শকদের জন্য স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকার অনুমতি ছিল। কিন্তু বৃহস্পতিবার ফিফা জানায়, মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সংশোধিত আচরণবিধিতে এই অনুমতি বাতিল করা হয়েছে। মাঠে কোনো কিছু ছুড়ে মারলে খেলোয়াড় বা দর্শকরা যাতে চোট না পান, তা নিশ্চিত করতেই বোতল, কাপ, জার এবং ক্যান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক এবং স্টাফ সবার স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। মাঠে যেকোনো ধরনের ঝুঁকি ও চোটের আশঙ্কা এড়াতেই বোতল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতেও নিরাপত্তার কারণে বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে বাইরে থেকে বোতল নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে; ফিফা এখন পুরো টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।’
এমন নিয়মে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে দর্শকদের আশ্বস্ত করতে ফিফা জানিয়েছে, ‘স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য গরমের তীব্রতা কমানোর উপায় নিয়ে ফিফা প্রতিটি আয়োজক শহর এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের আশেপাশে মিস্ট ফ্যান (পানির কণা ছড়ানো ফ্যান), হাইড্রেশন স্টেশন (খাবার পানির বুথ), কুলিং টেন্ট (শীতল তাঁবু) সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে পানির বোতলের দাম অন্যান্য সাধারণ ইভেন্টের মতোই স্বাভাবিক রাখা হবে।’

মতামত দিন