নতুন সরকারকে ফিকি’র অভিনন্দন
বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তিতে চেম্বার আশা প্রকাশ করেছে, জনগণের সমর্থনে গঠিত এই নতুন সরকার জাতীয় অগ্রগতির জন্য নির্ধারিত লক্ষ্যগুলো যথাসময়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করবে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।
এতে বলা হয়, ফিকি বিশ্বাস করে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিদেশি বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে। প্রয়োজনীয় কাঠামোগত ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। ফিকি সরকারকে বিদেশি বিনিয়োগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। তারা সরকারের সঙ্গে অংশীদারিত্বে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে আগ্রহী।
চেম্বারের সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশকে এগিয়ে নিতে আমরা সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’ তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, ব্যবসায়িক ব্যয় হ্রাস, নীতিগত স্বচ্ছতা এবং ব্যবসাবান্ধব সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ১৯৬৩ সালে যাত্রা শুরু করে। চেম্বার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২১০টি সদস্য প্রতিষ্ঠান বাংলাদেশে ২১টি খাতে ব্যবসা চালায় এবং দেশের অভ্যন্তরীণ প্রায় ৩০ শতাংশ রাজস্ব আয়ে অবদান রাখে। এছাড়া বাংলাদেশে ৯০ শতাংশের বেশি অভ্যন্তরীন এফডিআই-এর প্রতিনিধিত্ব ফিকির সদস্য প্রতিষ্ঠানগুলো করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে