নকিয়ার সঙ্গে দেশে প্রথম এল-ব্যান্ড ডিডব্লিউডিএম নেটওয়ার্ক স্থাপন করল ফাইবার@হোম
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ট্রান্সমিশন সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার@হোম লিমিটেড দেশের প্রথম এল-ব্যান্ড ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম) অপটিক্যাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক সফলভাবে স্থাপনের ঘোষণা দিয়েছে। নকিয়ার প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা এই নেটওয়ার্ক অপটিক্যাল স্পেকট্রামের সক্ষমতা কার্যত দ্বিগুণ করেছে বলে প্রতিষ্ঠানটির দাবি, যা ক্রমবর্ধমান ইন্টারনেট ট্রাফিক, ফোরজি/ফাইভজি ট্রাফিক, হাইপারস্কেল ক্লাউডের চাহিদা এবং দেশব্যাপী ডিজিটাল রূপান্তরে সহায়ক হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
দেশজুড়ে ডেটা ট্রাফিক দ্রুত বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ লং-হল করিডরগুলোতে প্রচলিত সি-ব্যান্ড স্পেকট্রাম সক্ষমতার সীমায় পৌঁছে গেছে বলে জানিয়েছে ফাইবার@হোম। এই চাহিদা মেটাতে বিদ্যমান সি-ব্যান্ড অবকাঠামোর পাশাপাশি এল-ব্যান্ড অপটিক্যাল স্পেকট্রাম যুক্ত করে প্রতিষ্ঠানটি একটি সি+এল আর্কিটেকচার গড়ে তুলেছে। প্রাথমিক পর্যায়ে এই নেটওয়ার্ক প্রধান সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, ডেটা সেন্টার এবং দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোর সংযোগকারী উচ্চ-ঘনত্বের ডেটা রুটগুলোকে শক্তিশালী করছে, পাশাপাশি মেট্রো ও আঞ্চলিক ট্রান্সমিশন রিংগুলোতেও এর সম্প্রসারণ চলমান রয়েছে।
ফাইবার@হোমের দেওয়া তথ্য অনুযায়ী, নকিয়ার কোহেরেন্ট অপটিক্যাল ডিএসপি প্রযুক্তিনির্ভর এই সিস্টেম প্রতিটি ওয়েভলেংথে একক চ্যানেলে ৮০০ জিবিপিএস থেকে সর্বোচ্চ ১.২ টেরাবিট প্রতি সেকেন্ড গতি সমর্থন করে, ফলে নতুন করে মাটি খোঁড়াখুঁড়ি ছাড়াই বিদ্যমান ফাইবার স্ট্র্যান্ডের মাধ্যমে মাল্টি-টেরাবিট অপটিক্যাল ট্রান্সপোর্ট সম্ভব হচ্ছে। রুট অপটিমাইজেশন ও আর্কিটেকচারাল উন্নয়নের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে রাউন্ড ট্রিপ ডিলে বা লেটেন্সি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে বলে প্রতিষ্ঠানটির দাবি, যা ইন্টারনেট, এন্টারপ্রাইজ ক্লাউড অ্যাপ্লিকেশন, আর্থিক ট্রেডিং, হাই-ডেফিনিশন স্ট্রিমিং এবং ফোরজি/ফাইভজি ব্যাকহলে নিরবচ্ছিন্ন রিয়েল-টাইম অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।
নকিয়ার অপটিক্যাল ট্রান্সপন্ডারে ৫ ন্যানোমিটার সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহারের ফলে নেটওয়ার্কের প্রতি-বিট বিদ্যুৎ খরচ প্রায় ৩৫ শতাংশ কমেছে বলে ফাইবার@হোম জানিয়েছে। অতি-ঘন ও স্বল্প বিদ্যুৎ-চাহিদাসম্পন্ন এই চিপসেটের নকশা ডেটা সেন্টার ও সেন্ট্রাল অফিসগুলোতে তাপ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে বলে প্রতিষ্ঠানটির দাবি, যার ফলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এইচভিএসি) প্রয়োজন কমে, যন্ত্রপাতির স্থায়িত্ব বাড়ে এবং কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখে।
ফাইবার@হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, ‘প্রযুক্তি খাতের নেতৃত্বদানকারী হিসেবে আমাদের দায়িত্ব হলো টেকসই, স্থিতিশীল ও অতি-উচ্চক্ষমতাসম্পন্ন ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, যা বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ডেটা চাহিদার চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকবে। বাংলাদেশের প্রথম এল-ব্যান্ড ডিডব্লিউডিএম নেটওয়ার্কের সফল স্থাপন একটি যুগান্তকারী প্রযুক্তিগত অর্জন এবং দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে পরবর্তী প্রজন্মের অপটিক্যাল প্রযুক্তি নিয়ে আসা এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে সহায়তা করতে সক্ষম একটি ভবিষ্যৎ-উপযোগী ব্যাকবোন গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রমাণ এটি।’
ফাইবার@হোম বাংলাদেশের টেলিযোগাযোগ ট্রান্সমিশন শিল্পের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে দেশজুড়ে আইআইজি, আইএসপি, টেলিকম অপারেটর, ডেটা সেন্টার, সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমে উচ্চক্ষমতার ট্রান্সমিশন সংযোগ সেবা দিয়ে থাকে। নিরন্তর প্রযুক্তিগত উদ্ভাবনে অনুপ্রাণিত ফাইবার@হোম স্থিতিশীল, সম্প্রসারণযোগ্য ও ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ক্রমেই আরও সংযুক্ত হয়ে ওঠা ডিজিটাল অর্থনীতিতে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীকে এগিয়ে যেতে সক্ষম করে তোলে।
মতামত দিন