তারুণ্যের উৎসব: বৃহস্পতিবার ঢাবিতে গাইবেন জেমস-আর্টসেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উৎসবের শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে কনসার্ট। এদিন মঞ্চ মাতাবেন উপমহাদেশের কিংবদন্তি রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ড নগরবাউল। তাদের সঙ্গে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
আয়োজকরা জানিয়েছে, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজন হবে না কোনো টিকিটের। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে কনসার্টটি চলবে মধ্যরাত পর্যন্ত।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই আয়োজন সম্পর্কে বলেন, ‘সকলের মধ্যে ঐক্য থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব। তারুণ্যের শক্তিকে ব্যবহার করে আমাদের দেশ বহুবার ঘুরে দাঁড়িয়েছে। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশের স্বার্থে একসঙ্গে এগিয়ে যাওয়ার।’
তিনি দেশের তরুণদের এই উৎসবে অংশ নেয়ার আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে