এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বেড়ে ৫০ শতাংশ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে সরকার। এখন থেকে তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। আগে এই ভাতা ছিল মূল বেতনের ২৫ শতাংশ।
সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব (প্রবিধি অনুবিভাগ) মোসা. শরীফুন্নেসা।
আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।
আদেশে অর্থ বিভাগ বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো। এ ভাতা দেয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ভাতাসংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে