এমপি হান্নানকে তুলতে মাঝনদী থেকে ফিরিয়ে আনা হলো ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ওঠানো হয়েছে—এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে ফেরির যাত্রীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। পরে এমপি আব্দুল হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টায় ফেরিটি চেয়ারম্যান ঘাট ছাড়ে। কিছুক্ষণ পর গাড়িযোগে ঘাটে পৌঁছান নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তাকে পারাপারের জন্য ফেরি ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে তাকে জানানো হয়েছিল ফেরি ছাড়বে না। পরে নির্ধারিত সময়েই ছাড়লেও প্রায় ২৩ মিনিট পর আবার এমপিকে নেওয়ার জন্য ঘাটে ফিরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী বলেন, মাঝপথে ফেরি ঘুরিয়ে আনায় তাদের অযথা সময় নষ্ট হয়েছে। বৈরী আবহাওয়ায় নদীপথে এমন সিদ্ধান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে বলে অভিযোগ করেন তারা।
ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান ঘাট ছাড়ার কিছু সময় পর এমপির জন্য ফেরি ফিরে আসে। এ ধরনের ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এটি সব সময় করা লাগে।
ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, মেরিন ইঞ্জিনিয়ারের নির্দেশেই তিনি ফেরি ঘুরিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরে যান এবং পরে এমপিকে নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনা কতটা যৌক্তিক এবং এতে সাধারণ যাত্রীদের ভোগান্তির দায় কে নেবে।
মতামত দিন