বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২ মে) দুপুর পৌনে ২টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়।
ঘাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার পর থেকেই হঠাৎ আবহাওয়ার অবনতি হতে শুরু করে। ঝোড়ো হাওয়ার সঙ্গে নদীতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, ঝোড়ো বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌযান চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। আকস্মিক এই ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে