৩ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক
হঠাৎ ফাল্গুনে ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৫টা ৫০ মিনিট থেকে ঘন কুয়াশায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। মাঝনদীতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে চালক, যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ঘাটে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। স্বাভাবিকভাবে ফেরি চলাচল অব্যাহত থাকলে যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।
উল্লেখ্য, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় মিলিয়ে মোট ১৪টি ফেরি চলাচল করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে