Views Bangladesh Logo

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ, যাত্রীদের ভোগান্তি

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গতকাল রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা অবস্থায় ফেরি মহানন্দায় এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ আসনের এমপি হান্নান মাসউদের বাগ্‌বিতণ্ডাও হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ফেরি মহানন্দা গতকাল বিকাল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। লোড-আনলোড ও গাড়ি ওঠানামায় সোয়া এক ঘণ্টা সময় লাগে। সে হিসাবে সন্ধ্যা ৭টার কিছু আগে বা পরে ফেরি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেরি ছাড়ে রাত ৯টার দিকে। বিকাল থেকে মোটরসাইকেলসহ অন্য গাড়ির জন্য কাউন্টারে বুকিং নেওয়া হলেও ফেরি আনলোড হওয়ার পর গাড়ি তুলতে দেওয়া হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কেন ফেরি ছাড়া হচ্ছে না জানতে চাইলে ফেরির লোকজন যাত্রীদের জানান, এমপি সাহেব আসবেন, তারপর ছাড়া হবে।

যাত্রীরা জানান, সঠিক সময়ে চেয়ারম্যান ঘাট, সোনাপুর ও জেলা শহর মাইজদী পৌঁছে বাসে উঠতে না পারলে রাতের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। সারা রাত বাস কাউন্টারে বসে থাকতে হবে এবং সোমবার সকালে অফিসেও যাওয়া যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক দুই ঘণ্টা দেরির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিকাল ৫টা ৪০ মিনিটে আমাদের ফেরি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়, এমপি সাহেব আসবেন, ফেরি ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দিইনি। এ নিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে আসি। স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট বা এক ঘণ্টা দেরি হয়েছে।’

এমপি হান্নান মাসউদের মোবাইল নম্বরে কল দিলেও কোনো সাড়া মেলেনি। তবে তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, অনিয়মের অভিযোগ তদারকি করতে এমপি হান্নান মাসউদ ফেরিঘাট পরিদর্শনে গিয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ