জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞায় মোসলেহ উদ্দিন জনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জায়মা রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কনটেন্ট পোস্ট করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এরপর গতকাল বিকেলে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা নাজিম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় যুবকেরা জনির অবস্থান জানতে পেরে তাকে ঘেরাও করে আটকে রাখেন। পরে একটি গ্রিলের সঙ্গে তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
আটকের পর ধারণ করা একটি ভিডিওতে জনিকে দাবি করতে শোনা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া বিতর্কিত স্ক্রিনশটটি এডিট বা সম্পাদিত করা হয়েছিল। তবে যে ফেসবুক আইডি ও মোবাইল ফোন থেকে পোস্টটি করা হয়েছে, তা নিজের বলে স্বীকার করেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনি ২০২১ সালে রাজাপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা পাস করার পর থেকে বেকার ছিলেন। এর আগেও তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও সমালোচনামূলক পোস্ট দিয়েছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন