Views Bangladesh Logo

বগুড়ায় কেন্দ্রে ভিড় নারীদের, যাচ্ছেন না আওয়ামী লীগ সমর্থকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বগুড়ায় সকাল থেকেই নারীদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারের সংখ্যাও বাড়ছে।

আজ বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৯৮৩টি কেন্দ্রে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৮২ জন।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাধিকার প্রয়োগ করতে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। কেউ বাধা বা চাপ সৃষ্টি করছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী আসনের অন্তত ২০জন আওয়ামী লীগের সমর্থক জানান, ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তারা ভোট দেবেন না। দেশের বড় রাজনৈতিক দলকে ( আওয়ামী লীগ) বাহিরে রেখে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

বগুড়া- ৬ আসনের ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগুড়া-৭ আসনের ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা বেশি। তারা একধরণের উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এছাড়াও এই দুই আসনের আরও অন্তত দশটি কেন্দ্রে গিয়েও নারীদের উপস্থিত বেশি দেখা যায়।

ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম ভিউজ বাংলাদেশকে জানান, সকাল সাড়ে আটটা পর্যন্ত ৩৮৬ টি ভোট পড়েছে তার কেন্দ্রে। এখন আরও ব্যালট পড়েছে সেগুলো হিসাব করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ