Views Bangladesh Logo

আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া একটি পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিচার কার্যক্রম চলার সময় আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিমও ঘটনার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ