বিএনপি নেতার হাতে জুতাপেটার শিকার নারী শিক্ষককে বরখাস্ত
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে হামলার ঘটনায় জুতাপেটার শিকার নারী শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান।
একইসঙ্গে শিক্ষক আলেয়া খাতুন ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় একটি গ্রুপ দীর্ঘদিন ধরে কলেজে চাঁদা দাবি করে আসছিল। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক তা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা তৈরি হয়। গত বৃহস্পতিবার ‘সামাদ দারোগা’ নামে পরিচিত আবদুস সামাদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কলেজে গিয়ে মাহফিলের নামে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। অধ্যক্ষ তা প্রত্যাখ্যান করলে তারা অশালীন আচরণ করেন।
এ সময় শিক্ষক আলেয়া খাতুন প্রতিবাদ করলে একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, বিএনপি কর্মী শাহাদত আলী আপত্তিকর মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে আলেয়া তাকে চড় মারেন। পরে শাহাদত স্যান্ডেল খুলে তাকে মারধর করেন, এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে আরও লোকজন এসে অধ্যক্ষ ও ওই শিক্ষককে দফায় দফায় মারধর এবং অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালায়।
পরিদর্শক মোহা. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি অধ্যক্ষ ও শিক্ষক কাউকেই পাননি। তাদের ফোনও বন্ধ ছিল। বিকল্প উপায়ে যোগাযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তিনি বলেন, তদন্তের স্বার্থে আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুর্গাপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত শাহাদত আলীকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার দিন হামলায় আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে আলেয়া খাতুন বর্তমানে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে