Views Bangladesh Logo

টাঙ্গাইলে নারী শিক্ষককে মারধরের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা নিয়ে বিরোধের জেরে এক নারী শিক্ষককে শ্রেণিকক্ষে মারধরের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে ঘাটাইলের ড. শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ অনুযায়ী, সোমবার শ্রেণিকক্ষে একটি বিষয় নিয়ে ওই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক ওই শিক্ষার্থীকে একটি চড় দেন। এরপর শিক্ষার্থী পাল্টা ওই শিক্ষককে একাধিক চড় ও ঘুষি মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার সময় শ্রেণিকক্ষে আরও তিনজন শিক্ষক উপস্থিত ছিলেন।

ঘটনাটি সমাধানের জন্য বুধবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত হয়, ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে এবং তাকে শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীর বাবা—যিনি ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)—তার বিরুদ্ধেও প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ওই শিক্ষক। তিনি জানিয়েছেন, এমন পরিবেশে তিনি আর বিদ্যালয়ে ফিরতে চান না।

তিনি অভিযোগ করেন, তার দুই সহকর্মী পারভীন আক্তার ও রোকিয়া আক্তার তার বাড়িতে গিয়ে শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন এবং তাকে হুমকি দিয়েছেন।

ওই নারী শিক্ষক বলেন, যে স্কুলে শিক্ষকরা শিক্ষকদের সম্মান করেন না, আর শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করে না, সেখানে আমি আর ফিরতে চাই না। আমি এই পেশায় থাকতে চাই না।

তিনি নিজের জেলা এলাকায় বদলির আবেদন করেছেন।

তবে রোকিয়া আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা নিয়ে বিদ্যালয় ও স্থানীয় মহলে আলোচনা-সমালোচনা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ