Views Bangladesh Logo

পরীক্ষার মধ্যে কলেজে ঢুকে হামলা-ভাঙচুর, নারী শিক্ষককে জুতাপেটার অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার সময় ঢুকে এক নারী শিক্ষককে জুতাপেটা ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে কলেজের বিভিন্ন বিষয়, বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়।

এর কিছুক্ষণ পর অভিযুক্তরা আবার ফিরে এসে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজে এসে অভিযুক্তরা হিসাবের নামে চাঁদা দাবি করছিলেন। এ বিষয়ে প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হন।

তবে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করায় বিরোধের সৃষ্টি হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। এরপরও কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ