Views Bangladesh Logo

নারী পোলিং এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর নারী পোলিং এজেন্টদের হেনস্তা ও বাধা দেওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

তাসনিম জারা জানান, বিভিন্ন কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, “বিশেষ করে আমাদের নারী এজেন্টদের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের একমাত্র প্রত্যাশা—সবাই যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে নিজের ভোট প্রদান করতে পারেন।”

আজ সকাল থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৯৯টি আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ