বান্দরবানে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রুম্পা বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্বামী সৌরভ কুমার ঢালী পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করেন।
স্থানীয়রা জানায়, আজ সকালে স্ত্রী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান তার স্বামী সৌরভ কুমার ঢালী।
এ বিষয়ে স্বামী সৌরভ কুমার ঢালী সংবাদমাধ্যমকে বলেন, “গতকাল স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে এক রুমে দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে রুম্পা ঘুমাতে যায়। অন্য রুমে আমি একাই শুয়েছিলাম। সকালে ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেলে বাসার পেছনের জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।”
জানা গেছে, এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। তিনি নিহত নারী কনস্টেবল রুম্পা দাশের মা ঝর্ণা দাশের সঙ্গে কথা বলেন। এ ছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া।
এ ব্যাপারে এসপি শহিদুল্লাহ কাউছার জানান, লাশের সুরতহাল পরীক্ষা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতনদেরও জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এটি আত্মহত্যাই মনে হচ্ছে আমাদের কাছে। নিহত কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে