বনশ্রীতে হেনস্তার শিকার নারী সাংবাদিক, প্রতিবাদ করায় ভাইকে মারধর
রাজধানীর বনশ্রীতে একদল যুবকের হাতে হেনস্তার শিকার হয়েছেন রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদ করায় তার ভাই রিশাদকে মারধর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করেছেন ইংরেজি দৈনিক নিউ এইজের এ সাংবাদিক।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘটনার বর্ণনা দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভুক্তভোগী সাংবাদিক রাফিয়া তামান্না বলেন, তিন-চারজন যুবক জুসের দোকান থেকে বের হয়ে আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং আমার পাশে দাঁড়ায়। এ সময় আমার সঙ্গে থাকা আমার ভাই তার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। আমি বাধা দিতে গেলে আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমার সঙ্গে থাকা আমার বন্ধুকেও লাথি দেয় তারা।
রাফিয়া আরও বলেন, এলাকার লোকজন দর্শকের মতো দৃশ্যটি দেখতে থাকেন। কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেননি। তিনি বলেন, আমরা নিজেদের বাসার সামনেই নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেন তারা যা করছে সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করল তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি তারা আমাকে হেনস্তা করার পরও অকপটে বলে, ‘হ্যাঁ, আমরা রেপ করেছি, কী করবে?’
পুলিশ জানায়, খবর পেয়ে সাংবাদিক রাফিয়া তামান্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক রাফিয়া জানান, চিকিৎসার পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবেন।
এ ব্যাপারে পুলিশ আরও জানায়, পুলিশের একটি দল এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। আরেকটি দল ভুক্তভোগীকে সহায়তা করছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মতামত দিন