Views Bangladesh Logo

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালাল নারী কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মোছা. রিম্পা (২১) নামের ওই আসামিকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা কর্মকর্তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের এই ঘটনার পর কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে আরও জানা যায়, পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ঢাকার একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিয়মিত বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। তাৎক্ষণিক কারা কর্মকর্তারা কারাগারের ভেতরে ও চারপাশের বিভিন্ন স্থানে একাধিকবার তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাননি।

এ বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, ‘পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি, পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।’

কারাবিধি অনুযায়ী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন। তিনি জানান, শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে খুঁজে বের করতে গত ২৪ ঘণ্টা ধরে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনায় সাতজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকৃতরা হলেন— মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা, রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার।

এই বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ