দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী
দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দ্বিতীয় যমুনা সেতুর জন্য কয়েকটি সম্ভাব্য অ্যালাইনমেন্ট বিবেচনায় রয়েছে। এর মধ্যে একটি হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত করিডোর। এছাড়া আরেকটি সম্ভাব্য অ্যালাইনমেন্ট হিসেবে গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত এলাকা বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রয়োজনে অন্য উপযুক্ত করিডোরও যাচাই করা হবে।
তিনি জানান, সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পরই সেতুর চূড়ান্ত অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। বিদ্যমান যমুনা সেতু চার লেনবিশিষ্ট হওয়ায় এটি তুলনামূলক সরু এবং বিভিন্ন সময়ে যানজট সৃষ্টি হয়। এই চাপ কমাতে বিকল্প একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে