আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার সক্ষমতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলি পামারট্রি। বিষয়টি পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, সাইবার প্রতারণা ও আর্থিক অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা নিয়ে আলোচনা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকীর বলেন, পিবিআই, সিআইডি, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন সংস্থার সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন