Views Bangladesh Logo

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন ৭ সেপ্টেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচন চলতি বছরের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন এফবিসিসিআইয়ের ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক নির্বাচিত হবে।

বুধবার (১৮ জুন) নির্বাচনের তফসিল প্রকাশ করেছে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। সংগঠনের মহাসচিব মো. আলমগীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং সর্বশেষ প্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুসরণ করে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধিমালায় পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, দু’জন সহ-সভাপতি থাকবেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২ জুলাই বিকেল ৫টার মধ্যে সদস্যভুক্ত সকল চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা পাঠাতে হবে। ১৮ জুলাই পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৬ জুলাই।

সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। তথ্য যাচাই, বাছাই ও বিশ্লেষণ শেষে ১৪ আগস্ট নির্বাচন বোর্ড এসব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

কোনো প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৬ আগস্ট দুপুর ২টার মধ্যে তাকে এ বিষয়ে নির্বাচন বোর্ডকে অবহিত করতে হবে। ওইদিনই পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ