হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদ্পিণ্ডে ব্লক ধরা পড়ে। ১৯ ফেব্রুয়ারি তার ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়।
অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কামরুজ্জামান সাগর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বাবু বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল।
তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটাই ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন। দেশবাসী ও ভক্তদের কাছে তার জন্য দোয়া কামনা করছি।’
উল্লেখ্য, ফজলুর রহমান বাবু ১৯৯১ সালে ‘মৃত্যুক্ষুধা’ অবলম্বনে নির্মিত টেলিভিশন নাটক ‘মৃত্যুক্ষুধা’ দিয়ে অভিনয়ে অভিষেক করেন। তার বড় পর্দায় যাত্রা শুরু হয় ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় চলচ্চিত্র—মনপুরা, অজ্ঞাতনামা, স্বপ্নজাল, হালদা ও ফাগুন হাওয়ায়।
তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে