রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে আর কাউকে পিছিয়ে রাখা মানে দেশের ক্ষতি: রিজভী
রাজনৈতিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের পদোন্নতি থেকে বঞ্চিত করা মানবতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক পরিচয়ের কারণে অসংখ্য মেধাবী কর্মকর্তা ও চিকিৎসক পদোন্নতি পাননি, যা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া আর কাউকে পিছিয়ে রাখা মানে দেশের মানুষের ক্ষতি করা এবং মানবতার ওপর আঘাত হানা। ছাত্রজীবনে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক মেধাবী ব্যক্তি চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন এবং বছরের পর বছর প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, একজন চিকিৎসক যদি দক্ষ, গবেষণাসমৃদ্ধ এবং রোগীদের প্রতি নিবেদিত হন, তাহলে রাজনৈতিক কারণে তাকে পদোন্নতি না দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মেধার অপচয় হয় এবং দেশ সম্ভাবনাময় জনশক্তি হারায়।
রিজভীর দাবি, গত ১৭ বছরে বহু যোগ্য চিকিৎসক প্রয়োজনীয় প্রকাশনা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মেডিকেল অফিসার পদেই আটকে ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন না হলে তারা কখনোই সহকারী অধ্যাপক বা অধ্যাপক হওয়ার সুযোগ পেতেন না।
তিনি আরও বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণে অনেক মেধাবী ব্যক্তি বিদেশে চলে গেছেন, কেউ স্থায়ীভাবে দেশ ছেড়েছেন, আবার কেউ আজীবন বঞ্চিত হয়েছেন। ফলে জাতি তাদের জ্ঞান ও দক্ষতার পূর্ণ সুফল থেকে বঞ্চিত হয়েছে।
বর্তমান সরকারের প্রশংসা করে রিজভী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া ও হৃদরোগের চিকিৎসা ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের দায়িত্ব পালনের এটিই একটি ইতিবাচক উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
মতামত দিন