রাজধানীতে ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
ভূমিকম্পের ঝুঁকি কমাতে রাজধানীর ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত 'ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের কী করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ভবন ধসে পড়ার মূল কারণ কেবল ভবনের উচ্চতা নয়; বরং ত্রুটিপূর্ণ নকশা, মাটির গুণগত মান, নির্মাণকাজে অনিয়মই এর প্রধান কারণ। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, মাটির গুণগত মান, নির্মাণকাজে তদারকি এবং প্রকৌশলগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
রাজধানীর বিপুলসংখ্যক ভবনের ঝুঁকি একবারে নিরূপণ করা সম্ভব নয় উল্লেখ করে রাজউক চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে র্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রিয়াজুল ইসলাম বলেন, ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্যোগের পূর্বে ঝুঁকি নিরূপণ, সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।
এককভাবে রাজউককে দায়ী করে ভূমিকম্পের ঝুঁকি কমানো সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি একটি কার্যকর নগর সরকার (সিটি গভর্নমেন্ট) ব্যবস্থা চালু থাকলে নগর ব্যবস্থাপনার সার্বিক কাজ পরিচালনা অনেক সহজ ও সুসংগঠিত হতো।
মতামত দিন