বাবা দিবসের নাটক ‘বাবার ডায়েরি’, কেন্দ্রীয় চরিত্রে আজিজুল হাকিম
বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানের প্রতি বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।
নাটকে তিনি আনিস নামের এক বাবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি জীবনের নানা অনুভূতি, না-বলা কষ্ট এবং স্মৃতিগুলো ডায়েরির পাতায় লিপিবদ্ধ করে রাখেন। বয়সের শেষ প্রান্তে এসে তিনি নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা এবং মানসিক দূরত্বের শিকার হন। একপর্যায়ে অভিমান করে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন তিনি।
গল্পে দেখা যায়, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়া ছেলে আরমান ধীরে ধীরে বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তার জীবনে আসে বড় পরিবর্তন। বাবার মৃত্যুর পর ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, ভালোবাসা ও আত্মত্যাগের গল্প আবিষ্কার করে সে। তখন উপলব্ধি হলেও বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না।
নাটকটির মাধ্যমে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, শ্রদ্ধা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন নির্মাতা সম্রাট চৌধুরী। নির্মাতার মতে, বর্তমান সময়ে পারিবারিক সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় নাটকটি দর্শকদের ভাবাবে এবং আবেগাপ্লুত করবে।
আজিজুল হাকিমের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষসহ আরও অনেকে। ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘বাবার ডায়েরি’ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লাস স্টুডিও।
মতামত দিন