Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধা বাবার দাফন শেষে ফিরতেই মেয়ের মৃত্যুসংবাদ পেলেন তুজাম

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা বাবার দাফন শেষ করে কবরস্থান থেকে বাড়ি ফেরার পথেই মুঠোফোনে মেয়ের মৃত্যুসংবাদ পান তুজাম উদ্দিন। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও ২০ বছর বয়সী মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উপজেলার পূর্বপাড়া গ্রামে।

শনিবার (২৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। একই দিনে একই কবরস্থানে দাদা ও নাতনিকে দাফন করা হলে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর সদর ইউনিয়নের উপজেলা পরিষদসংলগ্ন পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭৪) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যান। শনিবার সকাল ১০টায় মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

দাফন শেষে বাড়ি ফেরার সময় পরিবারের সদস্যরা জানতে পারেন, ফুলবাস আলীর প্রিয় নাতনি মুন্নি খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের ভাষ্য, বিয়ের আগ পর্যন্ত দাদার দেখাশোনার বেশির ভাগ দায়িত্বই পালন করতেন মুন্নি। শুক্রবার রাতে দাদার মরদেহের পাশে বসে কান্নাকাটি করতে করতে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজন সাইদুল ইসলাম বলেন, চাচা ফুলবাস আলীর দাফন শেষে বাড়ি ফিরতেই ভাতিজি মুন্নির মৃত্যুর খবর পাই। এমন শোক যেন কোনো পরিবারকে বহন করতে না হয়।

মুন্নির বাবা তুজাম উদ্দিন জানান, প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়েছিল। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং কিছুদিন ধরে টাইফয়েডে ভুগছিলেন। দাদার মৃত্যুর শোক ও শারীরিক অসুস্থতার কারণে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই দাফন করা হয় তার নাতনি মুন্নি খাতুনকে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই তার নাতনির মৃত্যুসংবাদ পুরো গ্রামকে শোকাহত করেছে। একই দিনে দাদা-নাতনির পাশাপাশি দাফনের এমন মর্মান্তিক ঘটনা তারা আগে কখনো দেখেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ