Views Bangladesh Logo

কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন ভাইরাল

‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’—এমন আবেগঘন বাক্য লিখে কন্যাসন্তানের নিরাপত্তার জন্য বৈধভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন বরগুনার এক বাবা। আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

আবেদনকারী মাসুদুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো আবেদনে তিনি দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আবেদনে তিনি লেখেন, শিশুদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন বর্বর ঘটনার পর নিজের চার বছরের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর উদ্বেগে ভুগছেন। তিনি উল্লেখ করেন, সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে সময় নষ্ট করব না।

মাসুদুল ইসলামের দাবি, তিনি কোনো অবৈধ অস্ত্র চান না; বরং আইনি প্রক্রিয়ায় নিজের নামে একটি শটগান বরাদ্দ চেয়েছেন, যাতে প্রয়োজনে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

তবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও আবেদনকারীর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অনেকে মনে করছেন, এটি শুধু অস্ত্রের আবেদন নয়; বরং একজন বাবার আতঙ্ক, হতাশা ও নিরাপত্তাহীনতার প্রতীকী প্রকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনপত্রটি ভাইরাল হওয়ার পর অনেকে এটিকে বর্তমান সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন।

বরগুনা সদরের এক শিক্ষক মনোতোষ রায় বলেন, একজন বাবা যখন সন্তানের নিরাপত্তা নিয়ে এতটা আতঙ্কিত হয়ে অস্ত্রের আবেদন করেন, তখন বুঝতে হবে সমাজে ভয় কতটা বেড়েছে।

মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, এ ধরনের আবেদন সমাজের অসুস্থ পরিস্থিতির প্রতিফলন। মানুষ বিচার ও নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ