শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরেক ছেলে, যার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৭৭) এবং আহত শহিদুর মিয়া (৪৫) একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে তার বাবা আকল মিয়া ও বড় ভাই শহিদুর মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মশিক মিয়া তাদের দুজনকে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে