পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনা শহরে হোসাইন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে তার মাদ্রাসাপড়ুয়া ছেলের সামনেই গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত হোসাইন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা এবং ওই মাদ্রাসারই একজন কর্মচারী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোসাইন আলী তার ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যান। এ সময় ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায়। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে তারা। এতে হোসাইন আলী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর পাবনা শহরজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
পাবনা থানা পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার পেছনে থাকা মূল মোটিভ বা কারণ জানতে ইতোমধ্যে তদন্তকাজ শুরু করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মতামত দিন