Views Bangladesh Logo

মেয়েকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ দেওয়ার পর কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাই সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে সয়ফুল্লাহ পলাতক রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কলিম উল্লাহর এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন কলিম উল্লাহ।

অভিযোগ পাওয়ার পর জুবের আহমদকে আটকের জন্য পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, জুবের হাওরে ক্ষেতে কাজ করছেন। পরে কলিম উল্লাহ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে হাওরের দিকে রওনা হন।

এ সময় ধারালো অস্ত্র হাতে পিছন থেকে দৌড়ে এসে সয়ফুল্লাহ কলিম উল্লাহকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ