Views Bangladesh Logo

শিবগঞ্জে সালিশ বৈঠকে হামলা, ছেলের বিরোধের জেরে বাবা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার কোর্ট বাজারে সালিশ বৈঠকে হামলার ঘটনায় আনিসুর রহমান ওরফে বেহুদলা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগির গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনিসুর রহমানের ছেলে আসমাউলের সঙ্গে এক মেয়ের পরকীয়া সম্পর্ক নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ১৮ ফেব্রুয়ারি গ্রাম্য সালিশের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা করা হয়। সে সময় ছেলে পক্ষকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নগদ ২০ হাজার টাকা পরিশোধের শর্তে বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি হয়।

রোববার রাতে কোর্ট বাজার এলাকায় পুনরায় উভয় পক্ষ সালিশে বসলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, মেয়েপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আসমাউল ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে আনিসুর রহমান, তার ভাই মনসুর আলী এবং তিন ছেলে—রব্বিকুল, আসমাউল ও আব্দুল আউয়াল আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আসমাউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ছেলের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সালিশ বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ