Views Bangladesh Logo

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক

ফেনীর ফুলগাজী উপজেলায় দুই মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম মো. জুনায়েদ। তার বাবা মো. সুলতান (৩০) নওগাঁর দুর্গাপুর উপজেলার কাকরোগড়া ইউনিয়নের বাসিন্দা। পরিবারটি বর্তমানে ফুলগাজী উপজেলার মেম্বার কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকত।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) রাতের দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন—তার স্বামী সুলতান মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় সুলতান শিশুটিকে কোলে নিয়ে খেলা করছিলেন। এক পর্যায়ে তিনি শিশুটিকে মেঝেতে আছড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

তবে অভিযুক্ত বাবা সুলতান দাবি করেছেন, শিশুটি তার হাত থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

রুনা আক্তার আরও জানান, ঘটনার সময় তিনি একটি দোকানে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে শিশুটিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর মাহমুদ জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয় এবং প্রাথমিকভাবে তার শরীরে গুরুতর মাথার আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ