Views Bangladesh Logo

গাজীপুরে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে এক তরুণের এবং বাড়ির পাশের রেললাইন থেকে তার বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সাকিব উত্তরার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন এবং লেখাপড়ার পাশাপাশি চাকরিও করতেন।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতের কোনো এক সময়। নিহত সাকিবের মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরে তার বাবা সোহেল হোসেনের মরদেহ বাড়ির পাশের বনমালা রেললাইনে পাওয়া যায়। তার শরীরে রেলের আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেন পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি রাতে কর্মস্থলে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ায় ঘটনার কিছুই জানতে পারেননি বলে দাবি করেছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ঘর থেকে ছেলের এবং রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি সন্দেহজনক বলে মনে হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ