Views Bangladesh Logo

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদ থেকে ফালান মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিজের ছোট্ট ছেলেকে বাঁচাতে পারলেও নিজে আর তীরে ফিরতে পারেননি, হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সকালে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফালান মিয়া গুলশাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মহিল্যা গ্রামের মোঃ শাহবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ফালান মিয়া তার ছোট ছেলেকে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৪ নম্বর বিল এলাকায় তাদের নৌকাটি উল্টে যায়। নৌকাটি ডুবে যাওয়ার পর ফালান তাঁর ছেলেকে পানিতে ভাসিয়ে রাখার চেষ্টা করেন। উদ্ধার করতে অন্য একটি নৌকা এগিয়ে এলে তিনি তাঁর ছেলেকে উদ্ধারকারী নৌকায় তুলে দিতে সক্ষম হন। তবে সন্তানকে নিরাপদে পৌঁছে দেওয়ার পর ক্ষণিকের মধ্যেই কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই ফালান মিয়ার নিথর দেহ উদ্ধার করে ডুবুরি দল।

লংগদু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে বাঁচাতে বাবার এমন বীরত্বপূর্ণ ও বেদনাদায়ক আত্মত্যাগে গভীর আবেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ