কিশোরগঞ্জে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, একই দিনে পানিতে ডুবে আরও চার শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে আট বছর বয়সী মেয়েকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা। শুক্রবার বিকেলে মিঠামইন উপজেলার বালিখলা হাওরে এ ঘটনা ঘটে। একই দিনে জেলার চারটি পৃথক ঘটনায় পানিতে ডুবে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
নিহত বাবা মো. বশির উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোলপাম্প এলাকার আবু বক্কর মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে মিঠামইনের হাসানপুর সেতু সংলগ্ন বালিখলা হাওর এলাকায় ঘুরতে যান বশির উদ্দিন। একপর্যায়ে তারা একটি নৌকা থেকে নেমে পানিতে তলিয়ে থাকা সড়কে গোসল করছিলেন। এ সময় তার আট বছর বয়সী মেয়ে শেমন্তী আক্তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।
মেয়েকে ডুবে যেতে দেখে কোনো দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেন বশির উদ্দিন। প্রাণপণ চেষ্টা করে মেয়েকে নিরাপদে সড়কের ওপর তুলে দিতে সক্ষম হলেও নিজে আর উঠতে পারেননি। প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান।
এদিকে একই দিনে কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন, কটিয়াদী ও ভৈরব উপজেলায় পৃথক চারটি ঘটনায় পানিতে ডুবে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো—নিকলীর নানশ্রী গ্রামের পাঁচ বছর বয়সী মোহাম্মদ হাকিম, গাজীপুরের টঙ্গীর বাসিন্দা ও মাদ্রাসাছাত্র ১২ বছর বয়সী আরিফ হোসেন, কটিয়াদীর দক্ষিণ লোহাজুরী গ্রামের ১১ বছর বয়সী নাঈম মিয়া এবং ভৈরবের জগন্নাথপুর এলাকার ১২ বছর বয়সী শুভ ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলীতে বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে হাকিম পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠামইনে সহপাঠীদের সঙ্গে ঘাটে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায় মাদ্রাসাছাত্র আরিফ হোসেন। পরে ঘটনাস্থলের কাছ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
কটিয়াদীতে ফেলে আসা একটি প্লাস্টিকের বোতল আনতে গিয়ে গভীর পানিতে পড়ে ডুবে যায় নাঈম মিয়া।
অন্যদিকে ভৈরবে বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকা শুভ ইসলামের মরদেহ শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ সব মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
মতামত দিন