Views Bangladesh Logo

মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।

নিহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের মেয়ে আফরিন (৪) এবং মাহিমের ভাগনে যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে ইজিবাইকযোগে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবর আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ