ঘুমন্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন বাবা
ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি আব্দুল বারেক খান (৫৫)। নিহত তাঁর ছেলে মেহেদী হাসান শুভ (২৫)। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং প্রতিবেশীদের সঙ্গেও বিরোধে জড়াতেন। এতে পরিবার ও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল।
স্বজনদের দাবি, ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা চান। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে এনে মা-বাবাকে টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে আলাদা ঘরে ঘুমান।
কাঠালিয়া থানা-পুলিশ জানায়, ভোররাতে আব্দুল বারেক খান ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। তিনি জানান, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের মারধর করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার রাতে টাকা দাবি ও প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে