Views Bangladesh Logo

দিনাজপুরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে হত্যা

চিরিরবন্দর উপজেলায় পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে বাবা ও এক ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—৭০ বছর বয়সী দুলু মিয়া এবং তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। আহত হয়েছেন হাবিল হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে প্রায় ১৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব সকালে বাড়িতে ঢুকে বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুলু মিয়াকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাবাকে বাঁচাতে এগিয়ে এলে প্রথম পক্ষের ছেলে কাবিল ও হাবিলের ওপরও হামলা চালানো হয়। এতে কাবিল গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত হাবিলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুল নবী বলেন, সম্পত্তি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ