কান উৎসবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র ২৫ বছর উদযাপন
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বিশেষ আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি। ১৩ মে রাতে পালে দে ফেস্টিভালের গ্রাঁ লুমিয়ের থিয়েটারে বিশেষ মধ্যরাতের প্রদর্শনীতে লালগালিচায় একসঙ্গে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ ও জরদানা ব্রুস্টার।
উৎসবের ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্রটিকে এক ধরনের সমসাময়িক ক্লাসিক হিসেবে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক নিল এইচ. মরিটজও। দর্শকদের উদ্দেশে বক্তব্যে ভিন ডিজেল বলেন, দুই দশকেরও বেশি সময় পরও ছবিটির প্রতি দর্শকের আবেগ তাকে বিস্মিত করে।
আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে প্রয়াত পল ওয়াকারের স্মরণে। তার মেয়ে মেডো ওয়াকারের উপস্থিতিতে ভিন ডিজেল আবেগাপ্লুত হয়ে পড়েন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট রেসিং সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত প্রথম চলচ্চিত্রটি পরবর্তীতে বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। মূল সিরিজ ও স্পিন-অফ মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সাতশ কোটি ডলারেরও বেশি আয় করেছে এই ফ্র্যাঞ্চাইজি।
এদিকে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ১২ মে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ পাল্ম দ’অর বিজয়ীর নাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে