এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, পুলিশের আরও ৪ ইউনিট প্রধান বদল
পুলিশের পাঁচটি ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে সাত কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
একই আদেশে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাঁকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে জিএমপির কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
মতামত দিন