Views Bangladesh Logo

কৃষকদের সমৃদ্ধিই জাতীয় উন্নয়নের চাবিকাঠি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে কৃষি। “কৃষক যদি না হাসে, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয়,”—এ কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কৃষক কার্ড’ চালুর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের সরাসরি সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা, যাতে তারা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানির শিকার না হন।

শব-ই-কদর উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী অফিসে এসে সকাল ১১টার দিকে সভায় অংশ নেন এবং কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন।

পরে ঢাকার দুই সিটি কর্পোরেশন—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ঢাকার উন্নয়নের বিষয়ে অত্যন্ত সচেতন এবং নিয়মিতভাবে চলমান ও অসমাপ্ত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি আরও জানান, ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ