কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান
জাতীয় বাজেটের উন্নয়ন ব্যয়ের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। একই সঙ্গে দেশীয় কৃষি ব্যবস্থার জন্য ক্ষতিকর উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজারের ডাকঘর মোড়ে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, সংগঠক ফুলবাবু ও আউয়ালসহ অন্য নেতারা।
সমাবেশে আনোয়ার হোসেন বাবলু বলেন, কৃষি উপকরণ ও ফসলের বাজার এখন ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, কৃষকদের উচ্চমূল্যে সার-বীজসহ কৃষি উপকরণ কিনতে হলেও উৎপাদিত ফসল বিক্রি করতে হচ্ছে কম দামে। ফলে কৃষকরা ধারাবাহিকভাবে লোকসানের মুখে পড়ছেন।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আলু, ধান ও পেঁয়াজ চাষে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর সঙ্গে বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। চলতি বছরও আলু ও পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় কয়েকজন কৃষক আত্মহত্যা করেছেন।
কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু বলেন, সরকার ধান ও চাল সংগ্রহের ঘোষণা দিলেও এর সুফল মূলত মিলমালিকরা ভোগ করছেন। খাদ্যগুদামে দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, সরকার ধানের মূল্য মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও কৃষকদের অনেক ক্ষেত্রে ৭০০ থেকে ৮০০ টাকায় ধান বিক্রি করতে হচ্ছে, যা উৎপাদন খরচেরও নিচে। এ কারণে হাটে হাটে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫০ লাখ টন ধান কেনার দাবি জানান তিনি।
সমাবেশে নেতারা আরও বলেন, ক্ষেতমজুররা কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ হলেও বছরে মাত্র কয়েক মাস কাজ পান। বাকি সময় ঋণ করে জীবনযাপন করতে হয়। তাই দৈনিক ৭০০ টাকা মজুরিতে ১২০ দিনের কর্মসৃজন কর্মসূচি, বয়স্ক ক্ষেতমজুরদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতা এবং আর্মি রেটের রেশন সুবিধা চালুর দাবি জানান তারা।
নেতারা বলেন, কৃষক ও ক্ষেতমজুরদের সুরক্ষা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে কৃষিখাতে উন্নয়ন ব্যয়ের ৪০ শতাংশ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে