Views Bangladesh Logo

পাবনায় কৃষককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামের এক কৃষককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফছার কাজী সরদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে আফছারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুঘুদহ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে আগে একাধিকবার সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ এই হত্যাকাণ্ডের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

নিহতের মা আবেদা খাতুন বলেন, তার ছেলে সহজ-সরল ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন, কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিমও জানান, আফছার সরদার নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন এবং তার কোনো বিরোধ ছিল বলে জানা যায় না। তিনি ধারণা করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ