বরিশালে কৃষককে গলা ও রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা
বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বোরকা পরা একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবির ব্যাপারী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশায় করে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন কবির ব্যাপারী। বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বোরকা পরা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে। পরে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কবিরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এরপর তার হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায় তারা।
কিছু সময় পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার ও নিহতের এক মামা জানান, পূর্ববিরোধের জের ধরে বোরকা পরে একদল দুর্বৃত্ত কবির ব্যাপারীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে বলে তারা ধারণা করছেন। হামলার পর ঘটনাস্থলে বোরকা ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মতামত দিন