রংপুরে সেচঘর থেকে কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজার রহমান ওই এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও সেচ পাম্পের সরঞ্জাম ও ট্রান্সফরমার পাহারা দিতে মাঠে যান মফিজার রহমান। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক শহিদুল ইসলাম গবাদি পশু নিয়ে মাঠে গিয়ে দেখেন সেচ পাম্প ঘরের দরজা খোলা এবং ট্রান্সফরমারের বক্সটি ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে ঘরের ভেতর উঁকি দিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মফিজার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করতে ওই ঘরে প্রবেশ করে। এ সময় মফিজার বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে নৃশংসভাবে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায় খুনিরা।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্তকাজ শুরু করেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা উমরপুর এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে