Views Bangladesh Logo

বগুড়ায় কৃষকের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

বগুড়ার গাবতলীতে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলে তার অগভীর সেচযন্ত্রের শেডের পাশে মরদেহটি পাওয়া যায়।

নিহত কৃষকের নাম মো. আবদুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন এবং নিজের জমিতে সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন চালাতেন। শনিবার রাতে তিনি শেডে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে হত্যা করে।

পরদিন সকালে স্থানীয়রা শেডের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সোহেল জানান, সকালে ৮টার দিকে সেখানে গিয়ে তিনি তার চাচাকে খুন অবস্থায় দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং শ্যালো মেশিনের শেডটি ভাঙচুর করা অবস্থায় পাওয়া যায়, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ