Views Bangladesh Logo

পয়লা বৈশাখ চালু হচ্ছে কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

পয়লা বৈশাখ কৃষক কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। সোমবার (১৬ মার্চ) কুমিল্লার লালমাইয়ে ডাকাতিয়া নদীর শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেখিয়েছে যে বিএনপি শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত কার্যক্রম শুরু হয়েছিল। একইভাবে কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড চালুর প্রস্তুতিও প্রায় শেষ এবং পহেলা বৈশাখের আশপাশে এটি চালু হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। এই লক্ষ্যে সরকার ইতোমধ্যেই কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়ক উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময়ের মতো খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং মাছ উৎপাদনের সম্ভাবনা বাড়বে। পাশাপাশি স্থানীয় জনগণকে স্বেচ্ছাশ্রমে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী স্থানীয় মানুষদের খাল রক্ষা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি খালগুলো সচল থাকে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ