Views Bangladesh Logo

পাম্পে তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে উপজেলার শত শত কৃষক চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, সমস্যার সমাধান চেয়ে গত রোববার (২৯ মার্চ) বিকেলে প্রায় ৪০ জন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কার্যকর কোনো সমাধান না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন সেই কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কৃষক ময়েজ উদ্দিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা কয়েক দিন ধরে কৃষকদের জন্য স্লিপ দিচ্ছেন, কিন্তু সেই স্লিপ দেখিয়েও ফিলিং স্টেশন থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।


তিনি আরও বলেন, পুরো দেশ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু কৃষকদের কোনো তালিকা বা পরিচয়পত্র নেই। এ কারণে আমরা বারবার হয়রানির শিকার হচ্ছি। এখন তেলের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন জানান, কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলানোর পর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাম্পে তেল সরবরাহের জন্য নতুন প্যাড ছাপানোর কাজ দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে কৃষকদের অভিযোগ, মন্ত্রীর নির্দেশনার পরও পরের দিন সোমবার (৩০ মার্চ) বিকেল পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি।

তেল নিতে গেলে মোটরসাইকেল চালকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় উল্লেখ করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, এ নিয়ে ভুল-বোঝাবুঝি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সমস্যা সমাধানে প্রশাসন ও কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে এবং পাম্প মালিকদের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ