Views Bangladesh Logo

ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা। হামলায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পরিবার।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এর জের ধরে শুক্রবার সকালে তারা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।

তাহমিনা আক্তারের অভিযোগ, হামলার সময় ইট ও লাঠি দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে নজরুল ইসলাম খান ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী ও মেয়েও আহত হন।

ঘটনার খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। একই ঘটনায় গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ